পীরগঞ্জ (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪২ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৪ পিএম
দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরের পীরগঞ্জে ঢাকা–রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।
পীরগঞ্জ থানাধীন বড় দরগা পীরগঞ্জ ফিলিং স্টেশনের সামনে শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান।
পুলিশ জানায়, গাজীপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী মহাসড়কে একটি ট্রাক অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে একটি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঠিক সেই সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস বিকল ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই রাহিমা আক্তার মুন্নি (৩৫) নামে এক বাসযাত্রীর মৃত্যু হয়। তিনি গাজীপুর জেলার বাসিন্দা।
গুরুতর আহত অবস্থায় রংপুরের হারাগাছ এলাকার আব্দুর রাজ্জাক (৫০) নামের এক ব্যক্তিকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাজ্জাকের ছেলে আরাফাত সানি সানভি মারা যান।
খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশ ও রংপুর রিজিয়নের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।