× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলের দুটি আসন

ক্রমেই জটিল হচ্ছে ভোটের হিসাব

এসকে সুজয়, নড়াইল

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪২ এএম

ক্রমেই জটিল হচ্ছে ভোটের হিসাব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের দুটি সংসদীয় আসনÑ নড়াইল-১ ও নড়াইল-২-এ রাজনৈতিক পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। দুই আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন বিতর্ক ও শক্তিশালী বিদ্রোহী প্রার্থীদের কারণে ভোটব্যাংক বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই বিভাজনের সুযোগ কাজে লাগাতে মাঠ গোছাচ্ছে জামায়াতে ইসলামী। রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় ভোটারদের মতে, সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ অবস্থানের কারণে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা এবার সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

নড়াইলের রাজনীতিতে এবারের নির্বাচন শুধু দলীয় প্রতীক কিংবা জনপ্রিয়তার প্রতিযোগিতায় সীমাবদ্ধ নেই; বরং এটি রূপ নিয়েছে দলীয় ঐক্য, নেতৃত্বের গ্রহণযোগ্যতা, তৃণমূলের ক্ষোভ ও কৌশলগত রাজনীতির এক গুরুত্বপূর্ণ পরীক্ষায়।

বিদ্রোহে নড়বড়ে বিএনপির ভিত, হিসাব কষছে জামায়াত। বিএনপির দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি ও ভোটব্যাংক থাকলেও এবারের নির্বাচনে দুই আসনেই বিদ্রোহী প্রার্থীদের সক্রিয় উপস্থিতি দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মনোনয়ন ঘোষণার পর থেকেই নড়াইলের রাজনীতিতে আলোচনা ঘুরপাক খাচ্ছে দলীয় কোন্দল, বহিষ্কার, ক্ষুব্ধ তৃণমূল এবং বিভক্ত কর্মীবাহিনী নিয়ে। অন্যদিকে জামায়াতে ইসলামী কোনো বিদ্রোহী প্রার্থী ছাড়াই শুরু থেকেই মাঠে রয়েছে।

নড়াইল-১ আসনটি কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন, কালিয়া পৌরসভা এবং নড়াইল সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। তবে এই মনোনয়নকে কেন্দ্র করেই দলের ভেতরে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ প্রকাশ্যে আসে।

স্থানীয় বিএনপির একাংশের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয় সিদ্ধান্তে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে দলের নিবেদিত নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় বিএনপি ও জিয়া পরিষদের নেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিএম নাগিব হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কলস’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামেন।

এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নড়াইল-২ আসনটি লোহাগড়া উপজেলা ও নড়াইল সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এখানে বিএনপির মনোনয়ন নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথমে জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হলেও শেষ মুহূর্তে তা প্রত্যাহার করে ড. ফরিদুজ্জামান ফরহাদকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়।

এই সিদ্ধান্তে দলের ভেতরে তীব্র অসন্তোষ দেখা দেয়। মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মনিরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কলস’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।


মাঠে দুই বিএনপি প্রার্থী, বিভ্রান্ত ভোটার

নড়াইল-২ আসনে এখন কার্যত বিএনপির দুই প্রার্থী মাঠে রয়েছেন। মনিরুল ইসলামের পক্ষে দলের একটি বড় অংশ সরাসরি কাজ করছে। ফলে বিএনপির ঐতিহ্যগত ভোটব্যাংক বিভক্ত হয়ে পড়েছে।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, একই দলের দুই প্রার্থীর মুখোমুখি অবস্থান অনেক সাধারণ ভোটারকে বিভ্রান্ত করছে। কেউ কেউ প্রকাশ্যে বলছেন, এই বিভাজনের সবচেয়ে বড় ক্ষতি হবে বিএনপিরই।

বিএনপির একাধিক স্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেছেন, বিদ্রোহী প্রার্থীদের কারণে দলটি চাপে রয়েছে। এক নেতা বলেন, ‘বিদ্রোহী প্রার্থী হওয়ায় আমরা বিব্রত। এতে দলের ক্ষতি হচ্ছেÑ এটা অস্বীকার করার উপায় নেই।’

নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ‘বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সারা দেশে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তাতে সব ষড়যন্ত্র ভেসে যাবে। আমি ৩০ বছর মানুষের পাশে ছিলাম, তারা আমাকে হতাশ করবে না।’

জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক সাড়া দেখছি। ভোটাররা এবার সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেবে। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি জয়ের হাসি আমরাই হাসব।’

স্বতন্ত্র প্রার্থী বিএম নাগিব হোসেন বলেন, ‘বিজয় আমাদের সুনিশ্চিত। তৃণমূলের ভোটাররা আমাদের সঙ্গে আছেন। ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমর্থন নিয়েই আমরা লড়ছি।’

নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘বিএনপির বিদ্রোহী বলে কিছু নেই। দল একজনকেই মনোনয়ন দিয়েছে। আমিই বিএনপির একমাত্র প্রার্থী।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা