প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২২ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৪ পিএম
চট্টগ্রামের ফটিকছড়িতে তরুণ ভোটারদের নিয়ে চা বাগানে চলছে ব্যতিক্রমী নির্বাচনি প্রচার। ছবি: ভিডিও থেকে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে নির্বাচনি প্রচারে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। প্রচলিত সভা, মিছিল ও উঠান বৈঠকের পাশাপাশি সেমিনারসহ নানা ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন প্রার্থীরা।
ফটিকছড়ি উপজেলার কর্ণফুলি চা-বাগান এলাকা থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়নে জোরেশোরে চলছে নির্বাচনি তৎপরতা। এ আসনে বিএনপি ও ১১ দলীয় জোটসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক নুরুল আমিনের মধ্যে মূল লড়াই হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
চট্টগ্রাম-২ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ৮০ হাজার। এর মধ্যে নারী ও তরুণ ভোটারের সংখ্যা তুলনামূলক বেশি। ফলে এবারের নির্বাচনে এই দুই শ্রেণির ভোটারদের ভূমিকাই গেম চেঞ্জার হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এরই ধারাবাহিকতায় ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে তরুণ ভোটারদের নিয়ে চা বাগানে সেমিনারের আয়োজন করেন বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর। সেমিনারে তরুণদের শিক্ষা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় সরোয়ার আলমগীর বলেন, “তরুণদের জন্য সুশিক্ষা নিশ্চিত করাই আমাদের প্রথম লক্ষ্য। চট্টগ্রাম-২ একটি বিশাল নির্বাচনি এলাকা, যেখানে ১৮টি চা-বাগান ও চারটি রাবার বাগান রয়েছে। এখানে সুশিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বৃহৎ শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।”
নির্বাচিত হলে তরুণদের দক্ষতা উন্নয়ন ও টেকসই কর্মসংস্থান তৈরিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।