মেহেদী হাসান রনি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৪ পিএম
দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটে সোমবার বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দৌলতদিয়া ফেরিঘাটে ‘শাহ মখদুম’ নামের একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটে সোমবার বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফেরির ইঞ্জিনের সাইলেন্সার পাইপের ভেতর থেকে আগুন বের হতে শুরু করে। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও দীর্ঘক্ষণ আগুন জ্বলতে থাকায় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে দ্রুত ফেরিতে থাকা যানবাহনগুলো পল্টুনে সরিয়ে নেওয়া হয়। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল বাসাত খান জানান, দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট পাঠানো হয় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “ফেরি পরিষ্কার করার সময় ইঞ্জিনের সাইলেন্সার দিয়ে ধোঁয়ার সঙ্গে আগুন বের হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি”।