বগুড়া অফিস
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৩ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৪ পিএম
বগুড়া শহরে উচ্চশব্দের হাইড্রোলিক হর্ন ও বিকট শব্দ তৈরি করা সাইলেন্সার পাইপ বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শহরের গোহাইল রোড ও মফিজ পাগলা মোড় এলাকায় রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে গোহাইল রোডের তুবা মটরস নামের একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ১৫৬টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। আইন অমান্য করে এসব হর্ন বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময়ে মফিজ পাগলা মোড় এলাকায় অবস্থিত মদিনা অটো নামের আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২০টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম বলেন, “শহরে শব্দদূষণ রোধ এবং জনস্বাস্থ্যের ক্ষতি এড়াতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ও উচ্চশব্দ সৃষ্টি করা সাইলেন্সারের বিক্রি ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ইকবাল বাহার বলেন, “অযাচিত শব্দদূষণের মাধ্যমে যারা জনমনে বিরক্তি ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে”।