রাজশাহী অফিস
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬ ২২:৩২ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬ ২২:৩৭ পিএম
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। ছবি: বাসস
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক মধ্যবয়সী নারীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। রোগ নির্ণয়ের জন্য মৃতের নমুনা সংগ্রহ করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
হাসপাতাল সূত্রে জানা যায়, নওগাঁ জেলার বাসিন্দা ওই নারীকে গত ১৪ জানুয়ারি অসুস্থ অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৮ জানুয়ারি তার মৃত্যু হয়। তবে চিকিৎসকদের পক্ষ থেকে রোগের ধরন নির্দিষ্টভাবে চিহ্নিত করা না যাওয়ায় বিষয়টি রহস্যজনক রূপ নেয়। ঘটনাটিকে চিকিৎসা বিজ্ঞানের একটি বিরল (রেয়ার) কেস হিসেবে উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষ আইইডিসিআরকে অবহিত করে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম বলেন, “রোগী মস্তিষ্কে ভাইরাসজনিত সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে কোন নির্দিষ্ট ভাইরাস বা রোগের কারণে তার মৃত্যু হয়েছে, তা প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি। বিষয়টি রেয়ার কেস হওয়ায় আইইডিসিআরকে জানানো হলে তারা মৃতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় নিয়ে যায়”।
এ বিষয়ে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, “সংগ্রহ করা নমুনার পরীক্ষা চলমান রয়েছে। পরীক্ষার ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বা রোগ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়”।
এদিকে অজ্ঞাত রোগে মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।