বগুড়া অফিস
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ ১৪:০৫ পিএম
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে শনিবার এক মতবিনিময় সভায় বক্তব্য দেন আদিলুর রহমান খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গণভোট নিয়ে নিরপেক্ষ থাকার কোনও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেছেন, যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, জুলাই সনদের পক্ষে এবং শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল, তারা সবাই ‘হ্যাঁ’ ভোট দেবেন এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাবেন।
বগুড়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে শনিবার বেলা ১১টার দিকে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আদিলুর রহমান খান বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। শহীদদের রক্তের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে, যেখানে গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলের অংশগ্রহণ রয়েছে। এই সনদের পক্ষে জনগণের মতামত নেওয়ার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটের আয়োজন করা হয়েছে।
উপদেষ্টা বলেন, আগামীতে বাংলাদেশ কেমন হবে, সেই দিকনির্দেশনা জনগণের মতামতের ভিত্তিতেই নির্ধারিত হবে। জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সেই দিকনির্দেশনা দেবেন। আমরা একটি নতুন বাংলাদেশ চাই- যেখানে আয়নাঘর, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আলেমদের হত্যা, বিডিআর বিদ্রোহের মতো ঘটনা কিংবা শাপলা চত্বরের পুনরাবৃত্তি হবে না।
তিনি আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সব মানুষ আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই গণভোটের মধ্য দিয়েই বাংলাদেশের মালিকানা জনগণের হাতে ফিরে আসবে।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। এতে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মকছুদ জাহেদী এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী।
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান সভাটি সঞ্চালনা করেন। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন।