প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ ২০:০২ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬ ২০:০৮ পিএম
নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিনে মা-বাবার দোয়া নিয়ে নির্বাচনি গণসংযোগ শুরু করেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ জসীম উদ্দীন আহমেদ। ছবি: জসীম উদ্দীন আহমেদ মিডিয়া সেল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিনে মা-বাবার দোয়া নিয়ে নির্বাচনি গণসংযোগ শুরু করেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ জসীম উদ্দীন আহমেদ।
নিজ বাসভবনে মা-বাবার দোয়া নিয়ে বৃহস্পতিবার সকালে নির্বাচনি কার্যক্রমের প্রচার শুরু করেন তিনি। পরে তার মিডিয়া সেলের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে আলহাজ জসীম উদ্দীন আহমেদ বলেন, “শুভ কাজের বড় শক্তি মা-বাবার দোয়া। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে পরম শ্রদ্ধেয় মা-বাবার দোয়া গ্রহণের মাধ্যমেই নির্বাচনী গণসংযোগ শুরু করলাম।
“প্রিয় চন্দনাইশ ও আংশিক সাতকানিয়াবাসী, আপনাদের ভালোবাসা ও মা-বাবার দোয়াকে সঙ্গী করে আমি আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। ধানের শীষের বিজয়ের লক্ষ্যে এই পথচলায় আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি”।
আনুষ্ঠানিক প্রচার শুরুর পর তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।