চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ ২১:০৬ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬ ২১:২৪ পিএম
চট্টগ্রাম নগরীর এক রেস্টুরেন্টে বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সাঈদ আল নোমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আমার মিছিলে যেন কোনো কিশোর গ্যাংয়ের সদস্য না থাকে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান।
চট্টগ্রাম নগরীর লালখান বাজারের একটি রেস্টুরেন্টে বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামের অনেক সমস্যার মধ্যে কিশোর গ্যাং একটি বড় সমস্যা উল্লেখ করে সাঈদ আল নোমান বলেন, “এটি অনেকদিন ধরে প্র্যাকটিস হয়ে গেছে আমাদের শহরে। আমি শুরু থেকেই বলে আসছি, আমার মিছিল বড় হতে হবে না। আমার মিছিলে যেন কোনো কিশোর গ্যাংয়ের সদস্য না থাকে। গ্যাং লাগবে না, কোনো কিশোর যেন না থাকে। তাদের রাজনীতি এবং মিছিলে অংশগ্রহণের বয়স হয়নি, প্রয়োজনও নেই”।
রাজনীতি শুধু নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের জন্য কী উপকারী, কোন উন্নয়ন দীর্ঘমেয়াদে টেকসই হবে, তা ভেবে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করাই সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব মন্তব্য করে সাঈদ আল নোমান বলেন, “নিজের জীবন, পরিবার, চিন্তা-ভাবনা এবং সম্পদের বড় একটি অংশ ব্যয় করে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। এটিকে নিজের সেবামূলক জীবনের প্রথম ও প্রধান কাজ হিসেবে দেখি”।
বাবা আব্দুল্লাহ আল নোমানের উন্নয়নমূলক অবদানের কথা তুলে ধরে সাঈদ আল নোমান বলেন, “তার কাজের মধ্যে রয়েছে কর্ণফুলী তৃতীয় সেতু নির্মাণ, চট্টগ্রাম শিক্ষাবোর্ড প্রতিষ্ঠা, নব্বইয়ের গণঅভ্যুত্থানে চার শহীদের স্মরণে কলেজ প্রতিষ্ঠা এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়- যা একটি মুরগির খামার থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়”।
এছাড়া স্টেডিয়াম উন্নয়ন, জমিয়াতুল ফালাহ ও বিমানবন্দর সম্প্রসারণে কাজ করার কথাও জানান তিনি।