চট্রগ্রাম অফিস
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ ২১:০৬ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬ ২১:২১ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় সোমবার সন্ধ্যায় অভিযানের সময় হামলায় শিকার হওয়ার কথা জানিয়েছে র্যাব। ছবি: ফাইল ফটো
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানের সময় ‘সন্ত্রাসীদের হামলায়’ র্যাবের এক কর্মকর্তা নিহত ও আরও তিনজন আহত হওয়ার খবর জানিয়েছে সংস্থাটি।
উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।
তিনি জানান, নিহত র্যাব কর্মকর্তার নাম আব্দুল মোতালেব। তিনি র্যাব–৭ এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে জানান, সন্ধ্যা ৬টার দিকে র্যাবের একটি অভিযানিক দল জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে স্থানীয় সন্ত্রাসীরা র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় ৪ র্যাব সদস্য গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাৎক্ষণিকভাবে আহত র্যাব সদস্যদের পরিচয় জানা যায়নি।