চাটমোহর (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ ১৮:৪৩ পিএম
পাবনার ফরিদপুরে নিখোঁজের ৫ দিন পর রবিবার বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মোছা. সুরাইয়া খাতুন (১৩) নাসে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পাবনার ফরিদপুরে নিখোঁজের ৫ দিন পর একটি বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মোছা. সুরাইয়া খাতুন (১৩) নাসে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার জন্তিহার গ্রাম ও পার্শ্ববর্তী নলুয়া গ্রামের সংলগ্ন একটি বিল থেকে রবিবার সকাল তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আকনজি।
ভুক্তভোগী সুরাইয়া ওই উপজেলার বৃলাহিড়ীবাড়ী ইউনিয়নের পাঁচ জন্তিহার গ্রামের মো. স্বপন খানের মেয়ে। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সুরাইয়ার দাদা আবদুল জব্বার খান জানান , ১৩ জানুয়ারি বিকালে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সুরাইয়া। এরপর সে আর বাড়ি ফেরেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কোনো খোঁজ না পেয়ে ১৬ জানুয়ারি তিনি ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ ঘটনার একদিন পরই বিলের মধ্যে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফরিদপুর থানা পুলিশ। প্রাথমিকভাবে স্বজনরা মরদেহটি সুরাইয়ার বলে শনাক্ত করেন।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আকনজি বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে”।