পাইকগাছা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬ ২০:০৮ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬ ২০:২৫ পিএম
পাইকগাছায় শীতার্ত মানুষের মাঝে শনিবার কম্বল বিতরণ করেছেন বাসস চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। ছবি: সংগৃহীত
খুলনার পাইকগাছায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।
পাইকগাছার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে শনিবার সকালে অন্তত দশটি গ্রামের প্রান্তিক শ্রেণির মানুষকে কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ সামসুল আলম পিন্টু, শেখ ইমদাদুল ইসলাম, সোনাদানা ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, কপিলমুনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম, বিএনপি নেতা ইস্কান্দার, খুলনা জেলা ছাত্রদলের সিনিয়র নেতা তানভীর আলম ও পাইকগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোজিত ঘোষ দেবেনসহ অনেকে।
আনোয়ার আলদীন বলেন, “শীত-দুর্যোগ-দুঃসময়ে আমরা এই অঞ্চলের অসহায় দুস্থ মানুষদের নিয়মিত সাধ্যমতো সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি। এই অঞ্চলের রাস্তাঘাট উন্নয়নে আমরা সাধ্যমতো ভূমিকা পালন করছি। মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। সুপেয় পানির অভাব দূর করতে কয়েকটি গ্রামে, বাজারে ডিপ টিউবওয়েল বসানো হয়েছে।
“শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। কপিলমুনি-পাইকগাছা এলাকায় অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি। এই এলাকায় দরিদ্র মানুষের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ”।
এ সময় তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করা হয়।
এছাড়া রবিবার ওই অঞ্চলে প্রান্তিক মানুষের মাঝে চাদর ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি।