কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬ ১১:৪৭ এএম
রাঙামাটির কাপ্তাই সড়কে মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত ।
রাঙামাটির কাপ্তাই সড়কের গাছ বোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এসময় একজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন- সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০), এবং আহত বিনয় চাকমা (৩৫)।
জেলার আসামবস্তি কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে গাছ বহনকারী মিনি পিকআপটি ঢালু রাস্তায় উপরে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িটি উল্টে গেলে তিনজন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন।
স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত সাদেক চাকমা মগবান ইউনিয়নের ৪নং ওয়াের্ডের কামিলাছড়ির বাসিন্দা, এবং মিলন চাকমাও একই এলাকার বাসিন্দা। এই ঘটনায় বিনয় চাকমা (৩৫) নামের একজন আহত হয়েছে। হতাহতরা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা: শওকত আকবর খান জানিয়েছেন, রাতের বেলায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে; ময়নাতদন্তের জন্য মর্গে মরদেহগুলো রাখা আছে।।