কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬ ২০:৫৭ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬ ২১:১২ পিএম
উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের ২নং ওয়ার্ড শাখার আয়োজনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে দুইদিন আগে এক দোয়া মাহফিল কথা বলছেন উপজেলা কৃষক দলের নেতা মোকছেদুল মমিন। ছবি: ভিডিও থেকে
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী রাশেদ খানের বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগে উপজেলা কৃষক দলের নেতা মোকছেদুল মমিনকে দুই হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসকের কার্যালয়।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বুধবার দুপুরে ওই জরিমানা আদায় করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি-ল্যান্ড আবদুল্লাহ আল ফারুক।
মোকছেদুল মমিন একই আসনের স্বতন্ত্র প্রার্থী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের সমর্থক। তিনি কালীগঞ্জ উপজেলা বিএনপির শাখার আহ্বায়ক।
উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের ২ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে দুই দিন আগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে মোকছেদুল মমিন বিএনপি প্রার্থী রাশেদ খানকে নিয়ে অশালীন মন্তব্য করেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়িয়ে পড়ে। এ বিষয়ে একটি পক্ষ নির্বাচনি আচরণবিধি প্রয়োগ ও বাস্তবায়নের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট কালীগঞ্জের এসি-ল্যান্ডকে অবহিত করে।
কারও নাম না উল্লেখ করলেও ওই ভিডিওতে মমিনকে বলতে শোনা যায়, “ধামকির মধ্য দিয়ে আপনি আদায় করবেন আপনার ভোট? বিরাট প্রভাবশালী হয়েছেন...
“আমরা মনে করি, একজন ভণ্ড, চরিত্রহীন, উন্মাদ কোনো দিনও কখনও তার নিজের রাজনৈতিক নেতৃত্ব প্রস্ফুটিত করতে পারে না। তার বক্তব্যের মধ্য দিয়ে ফুটে উঠেছে, এখনই হুমকি-ধামকি দিয়ে কথা বলে। এই কালীগঞ্জের জনতা, কালীগঞ্জের জনতায় কি আওয়ামী লীগ আছে? আওয়ামী লীগ পালিয়েছে। কার বিরেুদ্ধে উনি হুমকি দেয়?”
মমিন উচ্চস্বরে বলেন, “কার কথা বলে? কার হুমকি দেয়? আপনার কোনো হুমকি আমরা মানিনে (মানি না)। আপনার হুমকি যেখানে বাড়ি, সেখানে দিয়েছিলেন; তাড়িয়ে দিয়েছে। পাছায় লাথি মেরে খেতিয়ে দিয়েছে। দুইয়ে ছিলেন, দুইয়ে যান। এখানে এসে মাতব্বরি করবেন না, দয়া করে।
“আমার বড় ভাই শ্রদ্ধেয় পান্নু বলেছিল, মহাসাগর থেকে উঠে এনে…খালেদা জিয়া, তারেক রহমান কি পাগল হইয়ে (হয়ে) গিয়েছে? মুজিদির বাদ দিয়া উনাকে এখানে, বঙ্গোপসাগরের তেঁতুলিয়া নিয়ে আইসে আমাগের (এসে আমাদের) মধ্যে ঢুকিয়ে দেবে, তাই আমরা মাইনে (মেনে) নেব?”
তার এই বক্তব্যের বিষয়ে কালীগঞ্জের এসি-ল্যান্ড আবদুল্লাহ আল ফারুক বলেন, নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে মোকছেদুল মমিন নামে একজনকে জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি তার ভুল স্বীকারও করেছেন। এ কারণে সতর্ক ও জরিমানা করে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।