কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬ ১১:৩৭ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬ ১২:০০ পিএম
প্রতীকী ছবি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরাঞ্চলে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণির চরে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত শহিদা বেগম ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। তাদের সংসারে দুই কন্যাসন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে ভাত রান্নার প্রস্তুতির জন্য শহিদা বেগম বাড়ির পাশের টিউবওয়েলে যান। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। তার হাতে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
টিউবওয়েলের দিক থেকে গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে শহিদা বেগমকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান। পরে রাত পৌনে একটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডে পরিচিত কেউ জড়িত থাকতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”