ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলা
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২০:৫০ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ২১:৫৬ পিএম
চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে চাঁদার দাবিতে সশ্রস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) ও এলপিজি অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)।
ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান ও লোয়াবের সভাপতি মোহাম্মদ আমিরুল হক স্বাক্ষরিত পৃথক চিঠি পুলিশ ও গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
গত ৩ জানুয়ারি দেওয়া চিঠিতে সেলিম রহমান উল্লেখ করেন, স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এই ব্যবসায়ী তৈরি পোশাক, আইসিডি, এলপি গ্যাস, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ও মিডিয়া খাতসহ একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরে ব্যবসা পরিচালনার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের জিডিপি প্রবৃদ্ধি, বিপুল কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এমন একজন ব্যবসায়ীর বাসভবনে এ ধরনের হামলা সার্বিকভাবে ব্যবসায়ী সমাজের মধ্যে গভীর উদ্বেগ, নিরাপত্তাহীনতা ও আতঙ্ক সৃষ্টি করেছে। যা শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
এছাড়া গত বুধবার মহাপুলিশ পরিদর্শক বরাবরে পাঠানো চিঠিতে লোয়াব প্রেসিডেন্ট আমিরুল হক বলেন, মোস্তাফিজুর রহমানের নগরীর সিরাজউদ্দৌল্লা রোডস্থ বাড়িতে চাঁদাবাজির জন্য একটি সশস্ত্র হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তার এবং তার পরিবারের ওপর এমন ন্যাক্কারজনক হামলা কেবল ব্যক্তিগত ব্যাপারের বিষয় নয় বরং সার্বিকভাবে শিল্প বাণিজ্যের পরিবেশ এবং বিনিয়োগ নিরাপত্তার জন্যও বড় হুমকি। এ ধরণের ঘটনা অব্যাহত থাকলে ব্যবসায়ী সমাজ নিরাপত্তাহীনতায় ভুগবে এবং দেশের বিনিয়োগ, উৎপাদন ও অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুতর নেতিবাচক প্রভাব পড়বে।
এর আগে গত ২ জানুয়ারি কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী স্মার্ট গ্রুপ চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের গুলিতে বাড়ির জানালার কাঁচ ভেঙ্গে যায়। এ সময় এলাকায় ব্যাপক আতংকের সৃষ্টি হয়।