ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ২২:৪৩ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ১১:০৯ এএম
অপারেশন থিয়েটারে গ্যাসের চুলায় পিঠা বানাচ্ছেন নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মন্ডল। ছবি: ভিডিও থেকে
ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে রান্নার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ার হোছাইন আকন্দ স্বাক্ষরিত পৃথক আদেশে রবিবার এ সিদ্ধান্ত জানানো হয়।
বরখাস্ত হওয়া দুই নার্স হলেন—নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মন্ডল এবং সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদার।
আদেশে উল্লেখ বলা হয়, অপারেশন থিয়েটারের মতো সংবেদনশীল স্থানে রান্নার মতো কর্মকাণ্ড রোগীর নিরাপত্তা ও জনস্বাস্থ্য সুরক্ষার মৌলিক নীতির পরিপন্থী। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নার্সিং পেশার পেশাগত মর্যাদা প্রশ্নবিদ্ধ হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক ও সিনিয়র স্টাফ নার্স হিসেবে অপারেশন থিয়েটারের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পেশাগত মান রক্ষায় তারা কার্যকর তদারকি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন।
এ ধরনের আচরণ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুসারে এবং বিধি ১২(১) অনুযায়ী বিভাগীয় মামলা রুজুর স্বার্থে আদেশ জারির তারিখ থেকে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। তবে বিধি অনুযায়ী তারা খোরপোষ ভাতা পাবেন বলে আদেশে উল্লেখ রয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ই নার্সের সাময়িক বরখাস্তের আদেশের কপি আমরা পেয়েছি। বিষয়টি নিয়ে পরবর্তী ব্যবস্থার প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে হাসপাতালের অপারেশন থিয়েটারে গ্যাসের চুলায় রান্নাবান্না, অবাধ যাতায়াত ও শৃঙ্খলাহীনতার কারণে প্রসূতি মা ও নবজাতকের সংক্রমণের উচ্চঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।