ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ১৯:৩৫ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬ ১৯:৪৮ পিএম
ঝিনাইদহ সদর উপজেলায় শনিবার দুপুরে মুক্তিযুদ্ধের সময়ে মাটিতে পুঁতে রাখা মরিচা ধরা দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহে মাটিতে পুঁতে রাখা মুক্তিযুদ্ধের সময়কার দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
সদর উপজেলার গাড়িয়ালা গ্রামের বাবু শিকদারের বাড়ি থেকে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।
বাবু শিকদার জানান, মাটি খুঁড়ার সময় শ্রমিকরা মাটির নিচে মরিচা ধরা দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পান। পরে তারা বিষয়টি নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি গ্রেনেড হিসেবে শনাক্ত করে পুলিশ। এরপর যৌথ বাহিনীর একটি দল গ্রেনেড দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উপজেলার নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশিদুল ইসলাম বলেন, “উপজেলার গড়িয়ালা গ্রামের বাবু শিকদার নতুন বাড়ি নির্মাণ করছেন। দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে নির্মাণশ্রমিকেরা মাটি খোঁড়ার সময় দুটি বোমাসদৃশ বস্তু পেয়ে পুলিশকে খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হই। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে গ্রেনেড দুটি উদ্ধার করে।”
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, “মুক্তিযুদ্ধের সময় সদর উপজেলার বিষখালী ও গাড়িয়ালা এলাকায় ব্যাপক যুদ্ধ সংঘটিত হয়েছিল। ওই সময় যুদ্ধরত কোনো এক পক্ষ গ্রেনেড দুটি মাটির নিচে পুঁতে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।”