লালমোহন (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ২১:২৩ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ২১:৪৫ পিএম
ভোলার লালমোহনে বিএনপি ও জামায়াত সমর্থিত বিডিপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে বলে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন দুপক্ষ।
জামায়াত সমর্থিত বিডিপি সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈম গত শুক্রবার রাত সাড়ে ৯টা উপজেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, শুক্রবার সকাল ১১টায় রমাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জামায়াতের নারী কর্মীরা গণভোট ও সাংগঠনিক কাজে ইউনুছ পাটওয়ারী বাড়িতে যান। তখন ওখানকার নুরনবীর ছেলে রুবেল (২৮) ওই নারী কর্মীদের অকথ্য ভাষায় গালাগাল এবং নারী কর্মীদের হেনস্থা করেন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ে এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির এমপি প্রার্থী নিজামুল হক নাঈম জামায়াতের সহায়তায় মহিলা লীগের চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে লালমোহনের স্বাভাবিক পরিস্থিতিকে খারাপ করার লক্ষ্যে শুক্রবার দুপুরে মহিলা লীগের নেত্রীদের দিয়ে বিভিন্ন অপতৎপরতা চালায়। ঘটনাটি জামায়াত আওয়ামী লীগকে ব্যবহার করে ঘটিয়েছে। এ ঘটনার জন্য দায়ীদের উপযুক্ত শাস্তি দাবি করছি এবং ঘটনার জন্য বিএনপির পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম এ ব্যাপারে বলেন, জুমার নামাজের আগে জামায়াতের মহিলা কর্মীদের দাওয়াতি কাজের ব্যাঘাত নিয়ে উত্তেজনা তৈরি হয়। আমরা জানার পর ফোর্স ঘটনাস্থলে এসে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ঘটনাটি মীমাংসা করে দেওয়া হয়। কিন্তু সন্ধ্যার পর জামায়াতের নেতাকর্মীরা রায়চাঁদ বাজারে মোটরসাইকেল মহড়া দেয়। এরপরই বিএনপির নেতাকর্মীরাও একত্রিত হয়। রায়চাঁদ বাজারে রাস্তার কাজে ব্যবহৃত ইট দিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।