নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ২১:১৯ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ২২:৩৯ পিএম
নোয়াখালী সার্কেলের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সহায়তায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আর্থিক অনুদানের চেক বিতরণ
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সহায়তায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী সার্কেলের উদ্যোগে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৪১টি পরিবারের হাতে এক কোটি ৬৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
এতে প্রধান অতিথি বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন। এ সময় তিনি সড়ক নিরাপত্তা বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, মোটরসাইকেল আরোহীদের অবশ্যই আইন মেনে চলতে হবে এবং লাইসেন্সবিহীন যানবাহন কোনোভাবেই বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, চালকদের অদক্ষতা ও সাধারণ মানুষের অসচেতনতার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনায় মূল্যবান প্রাণ ঝরে পড়ছে। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চালক ও যাত্রী উভয়কেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
নোয়াখালীর জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিআরটিএ পরিচালক (যুগ্ম-সচিব) রুবাইয়াৎ-ই-আশিক।
এ ছাড়াও বিআরটিএ চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাসুদ আলম, সিভিল সার্জনের প্রতিনিধি সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফু্দ্দিন মাহামুদ চৌধুরী, পুলিশ সুপারের প্রতিনিধি ট্রাফিক ইনস্পেক্টর পুলক চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।