শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ২০:০৭ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ২২:৪৬ পিএম
মানিকগঞ্জের শিবালয়ে এলপিজি গ্যাসের দাম বেশি নেওয়ায় দিশাহারা ক্রেতারা। অতিরিক্ত দাম নেওয়ায় নিম্নমধ্যবিত্ত কষ্টে পড়েছেন। অতি মুনাফালোভী এলপিজি ব্যবসায়ী ও খুচরা দোকানদাররা গ্রাহকদের কাছে থেকে সরকারি নির্ধারিত দামের চেয়ে কয়েকগুণ দাম বেশি নিচ্ছেন।
কয়েকদিন ধরে এলপিজি ব্যবসায়ী ও খুচরা দোকানদাররা সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ায় ক্রেতারা ক্ষুব্ধ, তাদের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে। কোনো ক্রেতা অতিরিক্ত দাম দিতে না চাইলে তার কাছে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে না। আবার অনেক দোকানদার গ্যাস সিলিন্ডার দোকানে লুকিয়ে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন। তারা প্রকাশ্যে সিলিন্ডার বিক্রি করছেন না। খোঁজ নিয়ে জানা যায়, অতিরিক্ত দাম নেওয়ায় গোপনে বিক্রি করছেন। যে ক্রেতা বেশি দাম দিচ্ছেন, গোপনে তাদের কাছে বিক্রি করেন গ্যাস সিলিন্ডার। এমন অভিযোগ অনেক ক্রেতার।
এলপিজি ব্যবসায়ীরা অতিরিক্ত দাম নেওয়ায় সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার উথলী বাজারের আমেরা, আই, সান ও ফ্রেস এলপিজি গ্যাস সিলিন্ডার ডিলার মেসার্স নাভান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ১২ কেজি ওজনের গ্যাসের সিলিন্ডার ১৩০৬ টাকায় বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত মেসার্স নাভান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করার পরেও দোকানদাররা গ্যাসের সিলিন্ডারের সংকট দেখিয়ে ক্রেতাদের কাছে বেশি দাম নিচ্ছেন। উপজেলার উথলী এলাকার শাজাহান শেখ, রমজান আলী, বদর শেখ নামের কয়েক ক্রেতা বলেন হাটবাজারের দোকানে প্রতিদিন ক্রেতারা গ্যাস সিলিন্ডার নিতে এসে গ্যাস না পেয়ে ফিরে যাচ্ছেন।
উপজেলার বিভিন্ন হাটবাজারের দোকানদাররা এলপিজি ১২ কেজি ওজনের গ্যাসের সিলিন্ডার ১৮০০-১৯০০ টাকায় ক্রেতাদের কাছে বিক্রি করছেন বলে শনিবার উপজেলার বিভিন্ন এলাকার হাটবাজারে ঘুরে দেখা গেছে। উপজেলার আরুয়া এলাকার হানিফ শেখ বলেন, নালী বাজার থেকে ১২ কেজি ওজনের গ্যাসের সিলিন্ডার ১৮০০ টাকায় কেনা হয়েছে। উপজেলার আমডালা গ্রামের মালেকা ভানু বলেন, সরকারি নির্ধারিত দামে গ্যাস পাওয়া যাচ্ছে না। আমডালা বাজার থেকে ১৩০৬ টাকা দামে গ্যাস সিলিন্ডার ১৮০০ টাকায় কিনতে হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বলেন, কোনো দোকানদার ১২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ক্রেতাদের কাছ থেকে ১৩০৬ টাকার বেশি নিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।