মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ১৯:০৪ পিএম
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের ১৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার ঘিলাতলী সামাদিয়া কামিল মাদ্রাসার
হলরুমে মজুমদার ফাউন্ডেশনের অর্থায়নে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন এবং বৃত্তিপ্রাপ্ত মেধাবী
শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
ডেন্টাল বিভাগের চেয়ারম্যান ডা. মাহমুদা আক্তার। অনুষ্ঠানের শুরুতে আমেরিকা থেকে মুঠোফোনে
বক্তব্য রাখেন মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফারুক হোসেন মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের
পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানের মূল বক্তব্য
উপস্থাপন করেন নরসিংদী ইংলিশ ল্যাভের প্রতিষ্ঠাতা এনামুল কবির সরকার।
মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রকল্পের সভাপতি ফয়েজুর রহমান মজুমদারের
সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় বৃত্তি প্রদান
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঘিলাতলী সামাদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার, নারায়ণপুর
ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, ধনারপাড় দাখিল মাদ্রাসার সুপার আমিমুল
এহসান মজুমদার প্রমুখ।
উল্লেখ্য, বরাবরের মতো এবারও মজুমদার ফাউন্ডেশনের আয়োজনে মেধা বৃত্তি
পরীক্ষায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের ১৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের
প্রায় ৫ শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।