উখিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ১৮:৫২ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ১৯:১৮ পিএম
কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৪টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি নুর আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিক নুরুল আমিন (৩০) একই ইউনিয়নের জুম্মাপাড়ার মীর আহমদের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, উখিয়ার দক্ষিণ সোনাইছড়ি এলাকার জনৈক হেলাল উদ্দিন ও মো. সরওয়ার নামে দুই সহোদরের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছে। শুক্রবার ভোরেও চক্রটির লোকজন শ্রমিক দিয়ে পাহাড়ে মাটি কাটছিল। একপর্যায়ে আকস্মিক মাটির বড় একটি অংশ ধসে যায়। এতে নুরুল আমিন নামের এক শ্রমিক মাটি চাপা পড়ে। এ সময় সেখানে উপস্থিত অন্য শ্রমিকরা আতঙ্কে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টার পর মাটি সরিয়ে নুরুল আমিনকে মৃত অবস্থায় উদ্ধার করে। দুই বছর আগেও একই এলাকায় পাহাড় কাটার সময় মাটিচাপায় এক শ্রমিক নিহত হয়েছিলেন বলে জানান স্থানীয়রা।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি নুর আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃত এক শ্রমিকের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলে মাটি কাটার আলামত দেখা গেছে। তার পরও ঘটনাটি পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় নাকি অন্য কারণে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।