চাটমোহর (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ১৮:৪৭ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ১৯:২০ পিএম
ডিভোর্স দেওয়ায় ক্ষোভ থেকে পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক সিনিয়র স্টাফ নার্সকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামী আমিরুল ইসলামের বিরুদ্ধে। তিনি পেশায় সেনা সদস্য। আহত নার্সের নাম সুলতানা জাহান ডলি। ঘটনার পর থেকে অভিযুক্ত সেনা সদস্য পলাতক রয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর ও জরুরি বিভাগের মাঝামাঝি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ওই সময় নাইট ডিউটি শেষে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন নার্স ডলি।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, হঠাৎ করে সাবেক স্বামী আমিরুল ইসলাম হাসপাতালের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে নার্স ডলির গলা, পেট, দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসা দেন। গলায় একাধিক সেলাই দিতে হয়েছে এবং তাকে স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
আহত নার্স সুলতানা জাহান ডলি পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার কুষ্টিয়াপাড়া এলাকার শাহজাহান আলীর মেয়ে। তিনি সম্প্রতি সিনিয়র স্টাফ নার্স হিসেবে চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। অভিযুক্ত আমিরুল ইসলাম চাটমোহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন এলাকার নুর মোহাম্মদের ছেলে এবং বর্তমানে রাঙামাটিতে সেনা সদস্য হিসেবে কর্মরত বলে জানা গেছে। সাবেক স্বামী কিছুদিন আগে থেকেই ভুক্তভোগী নার্সকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। তারই পরিপ্রেক্ষিতে নিরাপত্তা চেয়ে ঘটনার আগের দিন চাটমোহর থানায় একটি জিডি করেন ভুক্তভোগী নার্স। চাটমোহর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল বলেন, আহত নার্সকে আমাদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। গলায় আঘাত গুরুতর হওয়ায় এখনও তার কাছ থেকে বিস্তারিত জানা সম্ভব হয়নি। হাসপাতালের ভেতরে এমন ঘটনায় আমরা মর্মাহত।
চাটমোহর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। স্বামী-স্ত্রীর দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলা বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিযুক্ত সেনা সদস্য আমিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।