ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ১৮:৪০ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ১৯:২২ পিএম
ঝালকাঠির নলছিটিতে তরুণদের সাহিত্যচর্চা ও সামাজিক দায়বদ্ধতা জোরদারে ‘তারুণ্যের নলছিটি’ যুব সংগঠনের উদ্যোগে প্রকাশিত স্মরণিকা ‘তারুণ্যের দর্পণ’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে ম্যাগাজিনটি উৎসর্গ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা হলরুমে বুহস্পতিবার (৮ জানুয়ারি) একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হাবিব। শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি ও ভগ্নিপতি আমির হোসেন,
তারুণ্যের নলছিটি সংগঠনের উপদেষ্টা শাহাদাত ফকির। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খালেদ সাইফুল্লাহ। সভায় সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আকাশ। এছাড়াও স্থানীয় যুব নেতারা, শিক্ষক, লেখক ও আয়োজক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তারুণ্যের দর্পণ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন ইউএনও জোবায়ের হাবিব।
স্মরণ সভায় বক্তারা শহীদ ওসমান হাদির সংগ্রামী জীবন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, আধিপত্যবাদ, ন্যায়বোধ, সততা এবং তরুণ সমাজের প্রতি তার দায়বদ্ধতার কথা তুলে ধরেন। তারা বলেন, ওসমান হাদি ব্যক্তি হিসেবে নয়, তার আদর্শ ও সাহসী অবস্থানের মধ্য দিয়েই আজও জীবন্ত।
সংগঠনের সভাপতি খালেদ সাইফুল্লাহ বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন তারুণ্যের নলছিটি যুব সংগঠনের একজন সম্মানিত উপদেষ্টা এবং নলছিটির তরুণদের জন্য নৈতিক প্রেরণার বাতিঘর। তার রেখে যাওয়া আদর্শ ও চিন্তার ধারাবাহিক চর্চার মাধ্যমেই তাকে স্মরণ করতে হবে।
শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেন, ওসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন একজন মানুষ। ন্যায় ও সততার প্রশ্নে তিনি কখনো পিছু হটেননি। তরুণদের নৈতিকভাবে গড়ে তোলাই ছিল তাঁর আজীবনের লক্ষ্য।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব বলেন, তরুণদের সাহিত্যচর্চা ও সামাজিক দায়বদ্ধতায় এমন উদ্যোগ প্রশংসনীয়। ওসমান হাদির মতো মানুষদের আদর্শ সমাজ গঠনে অনুকরণীয় হয়ে থাকবে। আলোচনা সভা শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শহীদ হাদির ভগ্নিপতি আমির হোসেন। দোয়া শেষে হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে উপস্থিত তরুণরা প্রতীকী প্রতিবাদ ও শ্লোগান দেন।