ফেনী জেনারেল হাসপাতাল
ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ১৮:১৫ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ২১:১৪ পিএম
জীবন রক্ষার জায়গা অপারেশন থিয়েটার, যেখানে জীবাণুমুক্ত পরিবেশে সিজারিয়ান অপারেশন হওয়ার কথা। অথচ গত দুই বছর ধরে অপারেশন থিয়েটারের একাংশ ব্যবহার করা হচ্ছে রান্নাঘর ও বিশ্রামকক্ষ হিসেবে! ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে এমন চরম অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে, যা প্রসূতি মা ও নবজাতকদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হাসপাতালের কয়েকজন নার্স অপারেশন থিয়েটারের কক্ষে গ্যাসের চুলায় পিঠা তৈরি করছেন, অন্যরাও অবাধে আসা-যাওয়া করছেন। ঠিক পাশের কক্ষে চলছে সিজারিয়ান অপারেশন। সেখানেও রোগীর স্বজন ও বহিরাগতদের অবাধে চলাফেরা করতে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এর সঙ্গে জড়িত নার্সদের মধ্যে রয়েছেন- নার্সিং সুপারভাইজার নূর জাহান, কল্পনা রানী, হ্যাপী রানী সূত্রধর, সীমা কর্মকার, রত্না বসাক, রানী বালা ও দেলোয়ারা বেগম।
আবু জাহিদ নামে রোগীর এক স্বজন বলেন, এমন একটি স্পর্শকাতর জায়গায় দিনের পর দিন এ অব্যবস্থাপনা আমাদের জন্য উদ্বেগের। নার্সদের পাশাপাশি এ অব্যবস্থাপনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষেরও দায় রয়েছে। তাদের দায়িত্বহীনতার কারণেই হাজারো প্রসূতি মা ঝুঁকির মুখে পড়ছে।
সেবাগ্রহীতা প্রসূতির স্বজনদের অভিযোগ, হাসপাতালের গাইনি বিভাগের দায়িত্বে রয়েছেন ডা. তাহিরা খাতুন রোজী, ডা. নিলুফা সুলতানা ও ডা. তাহমিনা আক্তার। দীর্ঘদিন ধরে লেবার ওয়ার্ডে এসব অনিয়মের ব্যাপারে কর্মরত চিকিৎসকরা অবগত। বিভিন্ন সময়ে এখানে নার্সদের তৈরি করা বিরিয়ানি, শীতের পিঠাসহ নানা খাবার খান চিকিৎসকরাও। এসব আয়োজনে ব্যস্ত থাকায় ওয়ার্ডে চিকিৎসাধীন প্রসূতি রোগীরা সঠিক চিকিৎসা পান না। অনেক সময় রোগীর স্বজনরা নার্সদের সহায়তার জন্য ডাকলেও তারা ক্ষেপে যান।
ফাহমিদা তাসনিম নামে এক সেবাগ্রহীতা বলেন, আমাদের মতো মধ্যবিত্তরা অসহায় হয়েই এসব পরিস্থিতি দেখেও সরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে হচ্ছে। কর্তৃপক্ষ কোনোভাবেই এ অব্যবস্থাপনার দায় এড়াতে পারে না।
রোগী কানিজ ফাতেমা বলেন, যারা আমাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সবচেয়ে বেশি সচেতন আর সতর্ক থাকার কথা তাদের কাছেই আমরা অনিরাপদ।
এসব অভিযোগের বিষয়ে দায়িত্বরত নার্সদের কাছে জানতে তারা এড়িয়ে যান। একপর্যায়ে ওয়ার্ড ইনচার্জ স্বপ্না হাসপাতালের আবাসিক মেডকেল অফিসারের (আরএমও) সঙ্গে কথা বলতে বলেন। অভিযোগের বিষয়ে ফেনী জেনারেল হাসপাতালের (আরএমও) ডা. রৌকন উদ দৌলা বলেন, অপারেশন থিয়েটারের ভেতরে রান্নাবান্না অসম্ভব ব্যাপার। ওটির ভেতরে রান্নাবান্না করলে সংক্রমণের অনেক বিষয় রয়েছে। আমরা অবশ্যই এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেব।
জানতে চাইলে ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, অপারেশন থিয়েটারে রান্নাবান্না করার কোনও সুযোগ নেই। এতে মারাত্মক সংক্রমণের ঝুঁকি রয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।
এদিকে, অপারেশন থিয়েটারে রান্নাঘরসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। এটি কখনো কাম্য নয়। হাসপাতালের সুনাম ও প্রসূতিদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ঘটনার তদন্ত প্রয়োজন। তদন্তে শুধু রান্নাবান্নার বিষয় নয়, আর কোনো অনিয়ম আছে কিনা সেটিও দেখা হবে। অনিয়মের সঙ্গে জড়িতদের শনাক্ত ও ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।