টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ২০:৩৭ পিএম
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে জেলেদের জালে ধরা পড়া ৬৮৭টি লাল কোরাল মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে। এত মাছ ও দাম পেয়ে খুশিতে আত্মহারা ট্রলার মালিক ও জেলে পরিবারগুলো। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে ট্রলার মালিক মোহাম্মদ জাকারিয়া (৪১) বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত বুধবার বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের মৌলভীর শীল এলাকায় মোহাম্মদ জাকারিয়ার মালিকানাধীন ট্রলারে মাছ ধরতে যাওয়া জেলেদের জালে মাছগুলো ধরা পড়ে। পরে বিকালে ট্রলারভর্তি মাছ নিয়ে শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাটে ফেরেন জেলেরা।
ট্রলার মালিক মোহাম্মদ জাকারিয়া বলেন, গত মঙ্গলবার শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে ট্রলারটি যাত্রা শুরু করে। ট্রলার মাঝি আবুল কালামের নেতৃত্বে মোট ৯ জন মাঝিমাল্লা ছিলেন। ওইদিন সন্ধ্যার দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর পাশে ট্রলারটি নোঙর করে জেলেরা সেখানে জাল ফেলেন। বুধবার সকালে জালে ধরা পড়ে লাল কোরাল মাছগুলো। সর্বমোট ৬৮৭টি মাছ ধরা পড়লেও ১০টি রেখে বাকি ৬৭৭টি মাছ বিক্রি করেছি। একেকটি মাছের ওজন ১ থেকে ৩ কেজি পর্যন্ত হবে। প্রতি মণ ২৩ হাজার টাকা দরে মোট ১০ লাখ টাকায় মাছগুলো বিক্রি হয়েছে।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম উল্লাহ বলেন, ১০ লাখ টাকায় মাছগুলো ক্রয় করেছি। মাছগুলো কক্সবাজার ও চট্টগ্রামে নিয়ে বিক্রি করা হবে।
স্থানীয় ট্রলার মালিক শহীদ উল্লাহ বলেন, বেশকিছু দিন ধরে সাগরে মাছ পাওয়া যাচ্ছিল না। বুধবার থেকেই ভালো মাছ পাওয়া যাচ্ছে।
টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা বলেন, কোরাল মাছ মূলত বঙ্গোপসাগরের গভীর জলের মাছ। এই মাছ সাধারণত ১ থেকে ৯ কেজি ওজনের হয়ে থাকে। এটি উষ্ণমণ্ডলীয় অঞ্চলের মাছ, বিশেষ করে পশ্চিম প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরীয় এলাকায় বেশি দেখা যায়। এ ছাড়া এশিয়ার উত্তরাঞ্চল, কুইন্সল্যান্ডের দক্ষিণাঞ্চল, পূর্ব আফ্রিকার পশ্চিমাঞ্চলেও এ প্রজাতির মাছ রয়েছে।