মেরিনা লাভলী, রংপুর
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ২২:৩৫ পিএম
রংপুরের ৬টি সংসদীয় আসনে লক্ষাধিক ভোটার বেড়েছে। নতুন করে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হওয়াদের মধ্যে বেশিরভাগই তরুণ ভোটার। তরুণ ভোটারদের ভোটই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন।
তাই প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের টার্গেট তরুণ ভোটারদের ভোট। রংপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার বেড়েছে ১ লাখ ২৮ হাজার ৬৩৯ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার বেড়েছে ৮ জন।
রংপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৬টি সংসদীয় আসনে মোট ভোটার ছিল ২৪ লাখ ৭০ হাজার ৫৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৩৭ হাজার ৩১০ জন, নারী ভোটার ১২ লাখ ৩৩ হাজার ২২৯ জন এবং তৃতীয় লিঙ্গের ২৩ জন।
অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০১ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৯২ হাজার ৮৪১ জন, নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩২৯ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩১ জন।
রংপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি করপোরেশন) আসনের সর্বোচ্চ ভোটার বেড়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডকে এ আসনে যুক্ত করায় মোট ভোটার বেড়েছে ৪২ হাজার ৮৫৩ জন। এর মধ্যে গঙ্গাচড়ায় ভোটার বেড়েছে পুরুষ ৮ হাজার ২৬৯ জন, নারী ৮ হাজার ২৫৮ জন ও তৃতীয় লিঙ্গের ২ জন। রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে ভোটার বেড়েছে পুরুষ ১৩ হাজার ১৩৩ জন, নারী ১৩ হাজার ১৯০ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৩২ হাজার ৩৭৪ জন। এবার ভোটার হয়েছে ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জন।
রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনের তারাগঞ্জে ভোটার বেড়েছে পুরুষ ৪ হাজার ১৯৩ জন, নারী ৩ হাজার ৯৯৬ জন, বদরগঞ্জে ভোটার বেড়েছে পুরুষ ৭ হাজার ৬৩৫ জন, নারী ৭ হাজার ৩২৩ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫৭ হাজার ৭৭২ জন। এবার মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন।
রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) এলাকায় বিগত দিনের তুলনায় ভোটার কমেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এ আসনে সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডকে রংপুর-১ আসনে সংযুক্ত করা হয়েছে। ফলে রংপুর-৩ আসনে সদর উপজেলায় পুরুষ ভোটার কমেছে ২ হাজার ৫০৫ জন ও নারী ভোটার বেড়েছে ৭৬৯ জন।
সিটি করপোরেশন এলাকায় (১০ নম্বর থেকে ৩৩ নম্বর ওয়ার্ড) ভোটার কমেছে পুরুষ ১৬ হাজার ৬১৫ জন ও নারী ৫ হাজার ২৩১ জন। তবে সিটি করপোরেশন এলাকায় তৃতীয় লিঙ্গের ভোটার বেড়েছে ২ জন।
এ ছাড়া এ আসনে ক্যান্টনমেন্ট বোর্ডের আওতাধীন এলাকায় ভোটার রয়েছে পুরুষ ১ হাজার ৯৮৬ জন ও নারী ৪৮৯ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিল ৫ লাখ ২৯ হাজার ৩২৮ জন। এবার হয়েছে ৫ লাখ ৮ হাজার ২২৩ জন।
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের মধ্যে পীরগাছা উপজেলায় ভোটার বেড়েছে পুরুষ ৮ হাজার ১৬ জন, নারী ৮ হাজার ১৭৩ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন। কাউনিয়া উপজেলায় ভোটার বেড়েছে পুরুষ ৬ হাজার ৩৭৫ জন, নারী ৬ হাজার ৯১৯ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৮০ হাজার ৪২২ জন এবং এবার মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন।
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ভোটার বেড়েছে পুরুষ ১৩ হাজার ৬৪০ জন ও নারী ১৪ হাজার ৮৯৮ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৪০ হাজার ৬৫১ জন। এবার মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ১৮৯ জন।
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ভোটার বেড়েছে পুরুষ ১১ হাজার ৪০৪ জন ও নারী ১৪ হাজার ৩১৬ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৩০ হাজার ১৫ জন। এবার মোট ভোটার ৩ লাখ ৫৫ হাজার ৭৩৫ জন।
রংপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আবদুর রহিম বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সময় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং অনলাইনে নিবন্ধনের সুযোগ থাকায় এবার ভোটার সংখ্যা বেড়েছে। স্বচ্ছতা ও নির্ভুলতার সঙ্গে ভোটার তালিকা তৈরিসহ মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়া ভোটারদের মধ্যে অধিকাংশ তরুণ ভোটার। তারা এবার প্রথমবারের মতো ভোট দেবেন।