প্রবা প্রতিবেদক, ঢাকা, গাজীপুর ও খাগড়াছড়ি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ২০:৫১ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ২১:১২ পিএম
দলের প্রাথমিক সদস্যের ফরম পূরণ করে বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি থেকে পদত্যাগকারী মীর আরশাদুল হক। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ফরম পূরণের পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে সদস্য পদের রসিদ নেন তিনি।
এই যোগদানে বিএনপি মহাসচিব তাকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, দলের কনটেন্ট ক্রিয়েটর সাইমুম পারভেজ ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
গত ২৫ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন মীর আরশাদুল হক। তিনি চট্টগ্রাম মহানগরীর প্রধান সমন্বয়কারী ছাড়াও দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন আরশাদুল ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ে থাকার সময় ক্যাম্পাস প্রতিবেদক হিসেবে কাজ করেছেন তিনি। পরে যুক্ত হন চব্বিশের আন্দোলনের পর গঠন করা জাতীয় নাগরিক কমিটিতে। পরে যোগ দেন এনসিপিতে। ফেসবুকে তিনি লিখেছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে এনসিপির যাত্রা শুরু হয়েছিল। কিন্তু এনসিপির প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত গত ১০ মাসের অভিজ্ঞতায় আমার কাছে প্রতীয়মান হয়েছে যে, এই দল ও দলের নেতারা সে প্রতিশ্রুতি রক্ষার্থে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। যে স্বপ্ন ও সম্ভাবনা দেখে এনসিপিতে যোগ দিয়েছিলাম, তার কিছুই আর অবশিষ্ট নেই। দল ও বড় অংশের নেতারা ভুল পথে আছেন বলেই মনে করি আমি। এই ভুল পথে আমি চলতে পারি না। এই মুহূর্ত থেকে এনসিপির সঙ্গে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। তবে ব্যক্তিগত সম্পর্ক থাকবে। তাদের প্রতি শুভকামনা রইল।
ওই পোস্টে তিনি তারেক রহমানের প্রশংসা করেন। বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আমার কাছে মনে হচ্ছে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও জোটের সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করার কোনো বিকল্প নেই।
গাজীপুরে এনসিপি থেকে বিএনপিতে অর্ধশত নেতাকর্মীর যোগদান
গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাও বিএনপিতে যোগ দেন। বুধবার দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার বেগম আয়েশা অডিটরিয়ামে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক ও গাজীপুর-৩ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলার সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, সদস্য কাইফাত মোড়ল, শরিফুল ইসলাম, ওয়াসিম আকরাম, জাতীয় শ্রমিক শক্তির সংগঠক নাইম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, মুক্তা, হাবিবাসহ জাতীয় নাগরিক পার্টি ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের ৫৫ জন নেতাকর্মী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাফেজ আবদুল আজিজ রয়েছেন।
শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী প্রমুখ।
নতুনদের দলে স্বাগত জানিয়ে ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বিএনপি দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল। তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে বিএনপিতে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তার ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ ও দেশের মানুষের ব্যাপক উন্নয়ন হবে। তাই আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে।
খাগড়াছড়িতে এনসিপির ৩ শতাধিক নেতাকর্মী বিএনপিতে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খাগড়াছড়ি জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে দলটির ৩ শতাধিক সদস্য জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। গত সোমবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনসিপির সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপি জোট গঠন করেছে; বিষয়টি আমরা মেনে নিতে পারছি না। তাই বিএনপিতে যোগদান করেছি।
বিএনপিতে যোগদানকারী সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভূইয়া। যোগদান করা নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আপনারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন, এজন্য আপনাদের ধন্যবাদ। আসন্ন সংসদ নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করার জন্য সবার সহযোগিতা কামনা করি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছারসহ খাগড়াছড়ি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।