কুমিল্লা ও মুরাদনগর প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ২০:৪৬ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ২১:১০ পিএম
কুমিল্লার মুরাদনগরে বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে মিথ্যাচারের অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকালে মুরাদনগরের সর্বস্তরের জনগণের ব্যানারে উপজেলা পরিষদ মার্কেট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলা চত্বর ও থানা হয়ে পুনরায় উপজেলা পরিষদ মার্কেটের সামনে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের দুর্নীতি ও অপকর্ম আড়াল করতেই কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিচ্ছেন। তার মতো একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতাকে হেয় করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। কায়কোবাদের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র বা মিথ্যাচার করা হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধসহ কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদুল ইসলাম নাহিদ বলেন, জুলাই-আগস্টে আন্দোলন করেছিলাম নতুন এক বাংলাদেশ পাওয়ার আশায়। অথচ আমাদের রক্তের বিনিময়ে ক্ষমতায় গিয়ে আসিফ মাহমুদ দুর্নীতি করে আন্দোলনকে কলঙ্কিত করেছে। আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে মুরাদনগরে ত্রাসের রাজনীতি কায়েম করেছিল। এখন নিজের দুর্নীতি আড়াল করতে জনপ্রিয় নেতা কায়কোবাদকে জড়িয়ে মিথ্যাচার করছে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, মুরাদনগরে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের জনপ্রিয়তা প্রশ্নাতীত। তিনি এলাকায় উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র শুরু হয়। এক পর্যায়ে তাকে ব্রিকস ফিল্ডে পুড়িয়ে মারার পরিকল্পনাও করা হয়। সেই ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে ইউসুফ আব্দুল্লাহ হারুন শেখ হাসিনার সহায়তায় তাকে ২১ আগস্টের মামলায় ফাঁসানোর চেষ্টা করে। দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরে আসার পরও তার বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে থাকেনি। বর্তমানে এক নব্য ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ আসিফ মাহমুদ নিজের অপকর্ম ঢাকতে কায়কোবাদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে। সে যদি সত্যিই বিপ্লবী হতো, তাহলে কখনও দুর্নীতিতে জড়াত না। গত মঙ্গলবার আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র হিসেবে একটি মিথ্যা বক্তব্য দিয়ে কায়কোবাদকে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অপবাদে জড়ানোর অপচেষ্টা চালিয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ঋণ খেলাপির পাশাপাশি তুরস্কের নাগরিক। তার এমন মন্তব্যের পরই এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।