আচরণবিধি লঙ্ঘন
হবিগঞ্জ ও সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ১৯:২৮ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ১৯:৩৭ পিএম
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ কারণে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থাও নিয়েছেন। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
হবিগঞ্জ : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়াকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেওয়া হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান এবং বিচারিক কমিটির চেয়ারম্যান ও বিচারক সায়দুর রহমান সই করা এ নোটিস রেজা কিবরিয়ার কাছে পাঠানো হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনী বিচারক কমিটির চেয়ারম্যান তাকে নোটিস করেছেন। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমরা সতর্ক অবস্থায় আছি।
নোটিসে উল্লেখ করা হয়, গত ২ জানুয়ারি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে কর্মী সমর্থক নিয়ে উপস্থিত জনগণের কাছে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে প্রচারণা চালান ড. রেজা কিবরিয়া। প্রচারণার ছবি ও দলিলাদিসহ জিতু মিয়া সেন্টু নামে এক ব্যক্তি গত ৪ জানুয়ারি একটি লিখিত অভিযোগ দেন। এ ছাড়া ৩ জানুয়ারি একই উপজেলার পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল তৈরি করে তিনি প্রচারণা চালান।
সখীপুর (টাঙ্গাইল) : জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে নির্বাচনী লঙ্ঘনের অভিযোগে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান ও প্রভাষক শরিফুল ইসলাম খানকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি।
মঙ্গলবার টাঙ্গাইলের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ আশরাফুল আলম তাদের বিরুদ্ধে এ নোটিস জারি করেন। জানা গেছে, বিএনপি প্রার্থী আহমেদ আযম খান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে ভোট প্রার্থনা এবং উন্নয়ন প্রতিশ্রুতি দেন, এমন অভিযোগ ওঠে। অনুসন্ধান ও বিচারিক কমিটির মতে, এসব বক্তব্য রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫-এর পরিপন্থী।
অন্যদিকে একই আসনে প্রভাষক শরিফুল ইসলাম খানের বিরুদ্ধেও একজন প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করার অভিযোগ ওঠে। অভিযোগের সঙ্গে সংযুক্ত ছবির প্রাথমিক সত্যতা পাওয়ায় সরকারি কর্মচারী হিসেবে নির্বাচনী আচরণবিধি ভঙের অভিযোগে তাকেও কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।