ঘুষ দাবির অভিযোগ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ১৮:৩৫ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ১৯:৪২ পিএম
পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, পিওসি, জুনিয়র ইঞ্জিনিয়ার, লাইন টেকনিশিয়ানসহ ৫ জনের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগে ঘুষ দাবির অভিযোগে মামলা করা হয়েছে।
কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাব্বি ইসলাম রনি মামলাটি আমলে নিয়ে আদালতের উপপুলিশ পরিদর্শককে আগামী ২৮ জানুয়ারির মধ্যে অভিযোগের বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী কাইয়ুম মিয়া এ আদেশের সত্যতা স্বীকার করেন। এর আগে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, আসামিরা উপজেলার নিরীহ মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগের নাম করে অন্যায়ভাবে ঘুষ গ্রহণ করে আসছে। এমনকি আইনজীবী সমিতির সদস্যদের অবসরকালীন ব্যাডমিন্টন খেলার জন্য আদালত মসজিদ থেকে অনুমতি সাপেক্ষে বিদ্যুৎ সংযোগ চাইলে প্রথমে অপারগতা প্রকাশ করে এবং পরে আইনজীবী সমিতির পিয়নের কাছে দশ হাজার টাকা ঘুষ দাবি করে। দাবিকৃত ঘুষের টাকা না দেওয়ায় আসামিরা মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, এসব দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ আইনের আওতায় আনা হলে বিদ্যুৎ সেবাগ্রহীতারা হয়রানি থেকে মুক্তি পাবে।
এ বিষয়ে কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জয়প্রকাশ নন্দী বলেন, মসজিদের বিদ্যুৎ সংযোগের মূল সার্ভিস তার থেকে বিদ্যুৎ নিয়ে তারা ব্যাডমিন্টন খেলছিল। সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরে মসজিদে পুনঃসংযোগ দেওয়া হয়েছে।