চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ১৮:৩১ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ১৯:৪৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের পর দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় পুলিশ। গরু চোরাকারবারি সন্দেহে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে।
আটকরা হলেনÑ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের খায়রুল ইসলাম (৩২) এবং একই এলাকার মোমিন হোসেন (৩০)।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে দেবীপুর গ্রামের চারজন জহুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের ৭১-বিএসএফ ব্যাটালিয়নের ভাগিরথী ক্যাম্পের একটি টহল দল তাদের ধাওয়া করে। বিএসএফ এ সময় খাইরুল ও মোমিনকে আটক করে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুজন বাবু (২৩) ও পিথু (৩০) বিএসএফের ধাওয়া খেয়ে পালিয়ে যেতে সক্ষম হন।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা অবৈধভাবে গরু আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিলেন। বর্তমানে তারা ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন।