চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ২২:৪৫ পিএম
চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৩৪) নামে যুবদলের সাবেক এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মোটরসাইকেলে করে আসা তিন যুবক জানে আলম সিকদারকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত যুবদল নেতা জানে আলম সিকদার উপজেলা যুবদলের সদস্য এবং পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় রাজনীতিতে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। গিয়াস কাদের চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির দুই প্রার্থীর একজন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে জানে আলম বাড়ির গেটের সামনের উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে দাঁড়ায়। পরে জানে আলমের খুব কাছে গিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যান তারা।
এ বিষয়ে জানতে চাইলে পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দিপ্তেষ দাশ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।