যশোর ও মনিরামপুর প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ২১:৫৯ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ২২:২৩ পিএম
রানা প্রতাপ
যশোরে রানা প্রতাপ (৪৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জেলার মনিরামপুর উপজেলার কপালিয়া বাজার এলাকায় সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। তিনি পেশায় একজন বরফ কল ব্যবসায়ী ছিলেন। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত করছে।”
দুর্বৃত্তদের শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।
স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, সোমবার বিকেলে কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা প্রতাপ। আনুমানিক পৌনে ৬টার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধারের আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
এর আগে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের শংকরপুর ইসহক সড়কে আলমগীর হোসেন (৫৫) নামের বিএনপির এক নেতা গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। আলমগীর হোসেন যশোর পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক ছিলেন। এ নিয়ে একদিনের ব্যবধানে যশোরে পৃথক দুটি স্থানে দু’জনকে গুলি করে হত্যা করলো দুর্বৃত্তরা।