পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:২৩ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:৫১ পিএম
রাজশাহীর পুঠিয়া পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের রামজীবনপুর মহল্লায় পরকীয়ায় জড়ানোর অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। রবিবার (৪ জানুয়ারি) রাত দেড়টায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযুক্ত ব্যক্তি পুঠিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান তিতু। এলাকাবাসীর অভিযোগ, তিনি ওই এলাকার জনৈক ব্যক্তির এক ভাড়াটিয়ার স্ত্রী সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন। ঘটনার রাতে স্থানীয় কয়েকজন তাকে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে আটক করে মারধর করে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি কোনোভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে তার প্রাণে রক্ষা হয়। ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।
এলাকাবাসী জানান, খবর পেয়ে রাত পৌনে ৩টার দিকে পুঠিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর উদ্দিনসহ চার পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। তবে পুলিশের উপস্থিতির আগেই অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তার করতে পুলিশ কিছু সময় এলাকায় তৎপরতা চালালেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।