পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ২২:৫০ পিএম
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারের পেকুয়ায় বিএনপির চার নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে পেকুয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবু হেনা মোস্তাফা কামাল ফাহিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার দলীয় পদ স্থগিত করা হয়।
একই দিনে কক্সবাজার জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজির সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে পেকুয়া উপজেলার আওতাধীন পেকুয়া সদর পূর্বজোন ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রমিজ উদ্দিনকে বহিষ্কার ও মগনামা ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক হাসানের দলীয় পদ স্থগিত করেন। ইতিপূর্বে দখল ও চাঁদাবাজীর দায়ে হাসানকে কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়।
পরবর্তীতে উপজেলা তাঁতীদলের যুগ্ন আহবায়ক- দপ্তর সম্পাদক পদমর্যাদায় মোহাম্মদ নেজাম উদ্দিন সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মগনামা ইউনিয়ন তাঁতীদলের ১ নং যুগ্ন আহবায়ক নেজাম উদ্দিনকে সকল প্রকার দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতারা দীর্ঘদিন ধরে দলীয় সিদ্ধান্ত অমান্য, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কাজে জড়িত ছিলেন। একাধিকবার সতর্ক করা হলেও তারা নিজেদের অবস্থান পরিবর্তন না করায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির নেতারা জানান, দলকে শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ রাখতে ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে। বহিষ্কৃত নেতাদের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতা-কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে বহিষ্কারের খবরে পেকুয়া উপজেলা বিএনপির রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচন হচ্ছে।