কালীগঞ্জ (ঝিনাইদ) প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ২২:২১ পিএম
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের আংশিক) আসনে বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁনের অফিস দুদিনের মধ্যে ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকালে ভবনের মালিক মনিরুজজ্জামান বাবলুর কাছে এসে এই হুমকি দেন ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থক মোহাম্মদ বিল্লাল হোসেন ও তার লোকজন।
অভিযুক্ত বিল্লাল হোসেন কালীগঞ্জ পৌরসভাধীন চাঁচড়া মাঠপাড়ার মো. আজহার মণ্ডলের ছেলে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি রাশেদ খাঁন কালীগঞ্জ পৌর শহরের কোটচাঁদপুর সড়কের আড়পাড়া টিভিএস শোরুমের ওই বিল্ডিং এ অফিস ভাড়া নেন। রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। গত ২৭ ডিসেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন।
এদিকে রাশেদ খাঁনকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। তিনি এ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
ভবনের মালিক মনিরুজ্জামান বাবলু বলেন, বিল্লাল বলছিল, আমরা একসঙ্গে দল করি, রাশেদের ঝামেলা এখানে না আনাই ভালো। রাশেদ অন্য কোথাও অফিস ভাড়া নিক।
রাশেদ খাঁন জানান, আমি বিষয়টি জেনেছি। আমাকে দলের ভারপ্রাপ্ত চেয়াররম্যান তারেক রহমান মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। এ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। এখন যদি তার কোনো চাওয়া বা অভিযোগ থাকে দলের উচ্চপর্যায়ে জানাতে পারেন, বিষয়টি তারা দেখবেন এবং সমাধান করবেন।