কক্সবাজার-৪
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ২০:৪১ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬ ২২:১১ পিএম
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে কাফনের কাপড়সহ ডাকযোগে চিঠি পাঠিয়েছে মুমিনুল আলম নামের এক দুর্বৃত্ত। আর নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান হাদির মতো পরিণতি হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। শাহজাহান চৌধুরী নিজেই হুমকির চিঠির বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, রবিবার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে ডাক বিভাগের পিয়ন একটি চিঠি নিয়ে বাড়িতে আসেন। চিঠি খুলে তিনি দেখতে পান, সেখানে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে এবং না দাঁড়ালে হত্যা করা হবে। চিঠির সঙ্গে একটি ছোট কাপড়ের টুকরা সংযুক্ত করা রয়েছে। পাঁচ লাইনের ওই চিঠিতে প্রথমে সালাম দেওয়া হয়েছে। এরপর এক স্থানে লেখা হয়েছে, ‘আপনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। না দাঁড়ালে আপনার পরিণতি ওসমান বিন হাদির মতো হবে। আপনি আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে রয়েছেন।’
শাহজাহান চৌধুরী জানান, কক্সবাজার সদরের ডাকঘর থেকে এই চিঠিটি পাঠানো হয়েছে। তিনি তাৎক্ষণিক উখিয়া থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়রি করেছেন।
শাহজাহান চৌধুরী বলেন, চিঠির বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক, কুরুচিপূর্ণ এবং পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা মারাত্মকভাবে আতঙ্কিত ও নিরাপত্তহীনতায় ভুগছি। এই হুমকি আমার জন্য নির্বাচনী মাঠে হুমকি ও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে আহ্বান জানাই।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি নূর আহমদ বলেন, বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে হুমকির ঘটনায় সাধারণ ডায়রি থানায় নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পুলিশ তদন্তে নেমেছে। এ ছাড়া ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।
এদিকে বিষয়টি অবহিত হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে কথা বলেছেন শাহজাহান চৌধুরীর সঙ্গে। শাহজাহান চৌধুরী জানান, ফোন করে তিনি (তারেক রহমান) এ ধরনের হুমকিতে সাহস না হারানোর জন্য বলেছেন। নির্বাচনের মাঠে পুরোদমে কাজ করতে নির্দেশ দিয়েছেন।