মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ১৯:৪৭ পিএম
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ১ শতাংশ ভোটারের তালিকায় গড়মিল থাকায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে এ সিদ্ধান্ত জানানো হয়। এ সময় একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে এক শতাংশ ভোটারের তালিকায় গড়মিলের কারণে হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং মামলা সংক্রান্ত তথ্য গোপন করার কারণে শেখ মুজিবুর রহমান ইকবালের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
বাছাই কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কিশোরগঞ্জের তিনটি আসনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন, যার মধ্যে ১০ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা জানিয়েছেন, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন।
রবিবার জেলার বাকি তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।