× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজও নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ ১৪:০৯ পিএম

আজও নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

টানা দ্বিতীয় দিনের মতো আজ সোমবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়।

এদিন সকাল ৯টায় হাওর অধ্যুষিত এই উপজেলায় তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে, যা এদিন দেশের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগের দিন রবিবার নিকলীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবারের তুলনায় সোমবার শীতের তীব্রতা সামান্য কমলেও জেলার ওপর দিয়ে এখনও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসজুড়ে শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে এবং শীতের অনুভূতি কমার তেমন সম্ভাবনা নেই।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কে পরিবহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম। সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। অনেকেই অল্প সময়ের জন্য কাজে বেরিয়েছেন। ঠান্ডা থেকে বাঁচাতে অনেকেই আগুন পোহাতে বসেছেন।

দিনমজুর আক্কাস আলী বলেন, ‘শীতে একদিন কাজ পাই, তিনদিন পাই না। গত এক সপ্তাহ ধরে তেমন কাজ হচ্ছে না। ভোরবেলা এসে বসে থেকেও কোনো লাভ হচ্ছে না।’

শহরের আখড়া বাজার এলাকার নির্মাণ শ্রমিক রফিক মিয়া বলেন, ‘শীতে বাইরে দাঁড়ানোই কষ্টকর। তারপরও কাজের খোঁজে বের হতে হচ্ছে। কিন্তু ঠিকমতো কাজ মিলছে না।’

রিকশাচালক কামাল হোসেন বলেন, ‘শীতে মানুষ ঘর থেকে কম বের হয়। যাত্রী পাচ্ছি না, আয়ও কমে গেছে। খুব কষ্টে দিন কাটছে।’

জেলা শহরের বড় বাজারের কাঁচামাল বিক্রেতা রাকিব হোসেন বলেন, ‘যেভাবে কুয়াশা পড়ছে এর সঙ্গে বইছে হিমেল হাওয়া। যার কারণে প্রচণ্ড শীত পড়তে শুরু করেছে। শীতের কারণে বাড়ি থেকে আসতে দেরি হওয়ায় দোকান খুলতেও দেরি হচ্ছে। তবে তীব্র শীতের মাঝে এত কষ্ট করে দোকান খুলেও আমাদের লাভ হচ্ছে না। কারণ শীতের কারণে বাজারে মানুষজন তেমন নেই। যার কারণে বেচাকেনাও তেমন একটা নেই।’

এদিকে শীতের তীব্রতা বাড়ায় ঠান্ডাজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পাচ্ছে। জ্বর, সর্দি-কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। সারাদিন গরম পোশাক পরে চলাচল করতে দেখা যাচ্ছে মানুষজনকে। সন্ধ্যার পর শহরের বিভিন্ন এলাকা অনেকটাই ফাঁকা হয়ে পড়ছে। চিকিৎসকরা শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে গরম কাপড় ব্যবহার, উষ্ণ খাবার গ্রহণ ও গরম পানি পান করার পরামর্শ দিচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা