নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ২০:৫১ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ২০:৫৪ পিএম
নেত্রকোণার মদন উপজেলায় পূর্বশত্রুতা ও জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে জেলার মদন উপজেলার ধনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলোÑ হাইজুল মিয়া (৪০), আমিরুল ইসলাম (৪০), শফিউল্লাহ (৪২), জসীম মিয়া (৩৮) ও হুমায়ূন কবীরকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকি আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেনÑ জোসনা আক্তার (৫০), শামীম মিয়া (৩৫), মমতা আক্তার (৫০), সাইফুল (৪০), হারুন অর রশীদ (৪২), শামছুদ্দিন (৪০), আনোয়ার হোসেন (৩৬), সাদ্দাম হোসেন (২৮), তাইজুল হক (৩০), বিউটি আক্তার (৩৫), বিপুল মিয়া (২৭), দুলাল মিয়া (৬২), রুবি আক্তার (২৭), সিময়া (১৬), তাইজুল (৩৬), আব্দুল্লাহ (৪২) ও সাইফুল (৪০)। স্থানীয়রা জানান, ধনপুর গ্রামের মতিউর রহমানের লোকজনের সঙ্গে একই গ্রামের তাইজুল ইসলামের লোকজনের দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। প্রায় এক মাস আগেও দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে থানায় একাধিক মামলা হয়েছে।
মদন থানার ওসি (তদন্ত) দেবাংশু কুমার বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।