নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৯:২৩ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৬ পিএম
মিডিয়াকে আটকে রাখা বা অন্ধকারে রাখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহিন।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে আর একটি মামলাও হলে কিংবা সাংবাদিকদের উদ্দেশে একটি টুঁ শব্দ উচ্চারিত হলেও নিবন্ধিত নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের পাশে কেন্দ্রীয়ভাবে দাঁড়াবে বিএফইউজে। প্রয়োজনে প্রশাসনের এসপি, ডিসি কীভাবে এখানে থাকে সেটাও দেখা হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাউদ মাসুদ।
সাংবাদিকদের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, সততার সঙ্গে কাজ করতে হবে এবং পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নকে দেশের অন্যতম শ্রেষ্ঠ সংগঠনে রূপ দিতে তারা অগ্রণী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের দপ্তর সম্পাদক আবু বক্কর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, শ্রম অধিদপ্তরের নারায়ণগঞ্জ শাখার উপ-পরিচালক ইয়াসমিন আক্তার, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক গোলাম সারোয়ার সাঈদ, বক্তব্য দেনÑ নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক একেএম মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক মোস্তাক আহমেদ শাওন প্রমুখ।