ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১২:২২ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ১২:৩৬ পিএম
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ভগ্নিপতিসহ ভাই-বোন নিহত হয়েছেন। এসময় আরও দুইজন গুরুতর আহত হন।
ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ভাইয়ের নাম সাকিবুর রহমান নিশান (২৬) এবং বোন রুকাইয়া আক্তার নীলা (৩৩)। তারা যশোরের মনিরামপুর থানার রহমতুল্লাহর সন্তান ৷ দূর্ঘটনায় নিহত দুলাভাইয়ের নাম মিজানুর রহমান (৪০)। তিনি যশোর জেলার বাবর আলীর ছেলে।
এঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক কৃষ্ণ (৫৫)। তিনি যশোর জেলার সোনাডাঙ্গা থানার বিষ্ণুর ছেলে।
স্থানীয় ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মিজানুর রহমান কিছুদিন পূর্বে স্টক জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। তাকে উন্নত চিকিৎসার জন্য তার স্ত্রী এবং শ্যালক ঢাকায় নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সে করে যশোর থেকে রওনা দেন। এসময় ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল বলেন, ‘দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দূর্ঘটনা কবলিত ট্রাক এবং অ্যাম্বুলেন্স বর্তমানে পুলিশ সেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।,