কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ০৯:০০ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ১১:২০ এএম
কক্সবাজার-সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটক নিয়ে চলাচলকারী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ এ আগুন লেগে জাহাজে অবস্থানরত এক ক্রু নিহত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে অবস্থারত জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়ে। এ পর্যন্ত (বেলা ১১টা) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন, কক্সবাজার ফায়ার সাভিস স্টেশনের উপসহকারী পরিচালক ছৈয়দ মো. মোরশেদ হোসেন।
তিনি জানান, নৌ বাহিনীর সদস্যদের সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। আগুনে জাহাজে অবস্থানরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি জাহাজের একটি কক্ষ ভেতরে বন্ধ করে ঘুমিয়ে ছিলেন।
আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তি নুর কামাল এবং তিনি ওই জাহাজের একজন ক্রু বলে নিশ্চিত করেছেন সী ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)'র সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর।

তিনি বলেন, প্রতিদিনের মতো সেন্টমার্টিন যেতে পর্যটক তোলার জন্য সকাল ৭টার দিকে ঘাটে আসছিল দ্যা আটলান্টিক ক্রুজ জাহাজটি। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠছিল। কিছুক্ষণ না যেতেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুন নেভানোর কাজ চলমান।
আগুন লাগার খবরে ঘাট আসেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। তিনি জানান, জাহাজে আগুন লাগার কারণ জানতে ৫ সদস্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকালে জাহাজ মালিকদের সাথে সভার সিদ্ধান্তও হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, সরকারি নির্দেশনা মতো পর্যটকদের জাহাজে উঠা চেক করতে প্রশাসনের সংশ্লিষ্টরা ঘাট এলাকায় আসে। এরমাঝে এ অনাকাঙ্খিত ঘটনা অবলোকন করা হয়। আগুন নির্বাপণের কাজ চলছে। জাহাজটি পুরোই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, আগুন লাগার আগে কোনো পর্যটকরা জাহাজে উঠেননি।
তিনি বলেন, এ জাহাজের যে পর্যটকরা সেন্টমার্টিন যাওয়া কথা ছিল তাদের অন্য জাহাজে পাঠানো হয়েছে।