গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৫১ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৬ পিএম
গাজীপুরে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর লাশ নিয়ে যেতে শ্বশুরকে ফোন দিয়েছেন স্বামী। শুক্রবার (২৬ ডিসেম্বর) গাজীপুরের চান্দনা চৌরাস্তার রমিজ আলী ভিলার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার পূর্ব নড়াইল এলাকার মিরাজুল ইসলামের মেয়ে মাস্তুরা আক্তার সুমা (২৮)। তিনি স্থানীয় ‘ইউরো’ পোশাক কারখানায় চাকরি করতেন। অন্যদিকে অভিযুক্ত স্বামী জালাল উদ্দিন দুলু (৩০) রংপুর জেলার বাসিন্দা। ঘটনার পর থেকে স্বামী পলাতক।
মান্তুরা আক্তার স্বামী জালালের সঙ্গে ভাড়াবাসায় বসবাস করতেন। বৃহস্পতিবার রাত ১০টায় কারখানা থেকে বাসায় ফিরে রান্নাবান্না করেন সুমা। রাত ১২টার দিকে তার স্বামী জালাল উদ্দিন দুলু বাসায় ফেরেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জালাল উদ্দিন তার শ্বশুরকে মোবাইল ফোনে জানান যে, তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন এবং বাসায় এসে লাশ নিয়ে যেতে বলেন। জালাল বিষয়টি আত্মীয়স্বজন এবং বাড়ির মালিককেও জানান। পুলিশ তালা ভেঙে কক্ষে ঢুকে খাটে মান্তুরা আক্তারের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।