রংপুর অফিস
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৫০ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৬ পিএম
রংপুরে পরকীয়া নিয়ন্ত্রণে আর্থিক লেনদেন নিয়ে কবিরাজ জাবেদ আলীকে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে হত্যাকাণ্ডে জড়িত আব্দুল হামিদকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুল হামিদ নীলফামারীর সৈয়দপুরের লক্ষণপুর গ্রামের নেজাম উদ্দিনের ছেলে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন।
ওসি জানান, নীলফামারী
সৈয়দপুরের পীরপাড়া গ্রামের বাসিন্দা জাবেদ আলীর (৫০) কবিরাজি পেশার পাশাপাশি রাতের
বেলা ফাঁদ পেতে বক ও বালিহাঁস ধরে জীবিকা নির্বাহ করতেন। স্ত্রীর পরকীয়া ও বেপরোয়া
চলাফেরা নিয়ন্ত্রণের জন্য আব্দুল হামিদ বিভিন্ন সময়ে ১ লাখ ৬০ হাজার টাকা দেন কবিরাজ
জাবেদ আলীকে। এর পরও হামিদকে কাজের জন্য আরও ৩০ হাজার টাকা দাবি করেন কবিরাজ জাবেদ
আলী। এতে ক্ষিপ্ত হন হামিদ। গত বুধবার তারাগঞ্জ উপজেলার ডালিয়া সেচ ক্যানেল এলাকা থেকে
জাবেদ আলীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হলে ক্লুলেসে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন
ও আসামি গ্রেপ্তার অভিযান শুরু করে পুলিশ। বৃহস্পতিবার রাতে আব্দুল হামিদকে গ্রেপ্তার
করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এবং তার
দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা
হয়।
তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, আসামি আব্দুল হামিদ হত্যার দায় স্বীকার করছে।
আদালতে উপস্থাপন করা হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।