প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৪ পিএম
গভীর রাতে দেশের নারায়ণগঞ্জ, খাগড়াছড়ি, শ্যামনগর, ফুলপুর, কোটালীপাড়ার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল অসহায়, দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণসহ তাদের খোঁজখবর নিয়েছেন জেলা ও উপজেলা প্রশাসন। প্রতিবেদক ও সংবাদদাতাদের পাঠানো খবরÑ
নারায়ণগঞ্জ : শীতের তীব্রতায় মধ্যরাতে নগরের ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। বৃহস্পতিবার মধ্যরাতে নগরের কেন্দ্রীয় রেলস্টেশন ও লঞ্চ টার্মিনাল এলাকায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
এ সময় জেলা প্রশাসক বলেন, প্রধান উপদেষ্টার তহবিল থেকে পাঠানো কম্বল বিতরণের অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় অসহায় ও দুস্থ মানুষদের খুঁজে খুঁজে শীতবস্ত্র দেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন প্রমুখ।
খাগড়াছড়ি : শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মানবিক সহায়তার অংশ হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা সদরের উপজেলা মাঠ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মাহাবুব আলম।
এদিন জেলার বিভিন্ন এলাকার প্রায় ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং পার্বত্য জেলা পরিষদের এ উদ্যোগকে সাধুবাদ জানান।
শ্যামনগর (সাতক্ষীরা) : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকার হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনক বুধ ও বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন প্রান্ত ঘুরে এসব কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, শ্যামনগর থানার ওসি মো. খালেদুর রহমান, কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিয়ারাজ হোসেন খান প্রমুখ।
ফুলপুর (ময়মনসিংহ) : গভীর রাতে ময়মনসিংহের ফুলপুরে ঘুরে ঘুরে মাদ্রাসার শিক্ষার্থীসহ ছিন্নমূল অসহায়, দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণসহ তাদের খোঁজখবর নেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে ঘুরে ঘুরে ছিন্নমূল শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ। বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। প্রশাসনের কর্মকর্তার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে এমন সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেক অসহায় মানুষ।