নলছিটি (ঝালকাঠি) প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৯ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০২ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, নলছিটির কৃতি সন্তান, ভাড়াটে খুনির গুলিতে শাহাদাত বরণকারী শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা আক্তারকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হিসেবে দেখতে চেয়ে হাদির জন্মস্থান নলছিটিতে ছাত্র-জনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় নলছিটি শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয় উল্লাস চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাথী আক্তার, নাজমুল হাসান টিটু, মো. মামুন, ফওজুল করিম, মো. আহাদ, মো. আব্দুল্লাহ আল মাহাবুবসহ এলাকাবাসী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সংবাদকর্মীরা। মানববন্ধন সমন্বয় করেন কোটাবিরোধী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী সাথী আক্তার।
প্রসঙ্গত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শাহাদাত বরণ করার আগে ঢাকা-০৮ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেছিলেন।
মানববন্ধন আয়োজনের সমন্বয়ক ছাত্রীনেত্রী সাথী আক্তার বলেন, শহীদ ওসমান হাদি ঢাকা-০৮ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন এবং জনসংযোগও শুরু করেছিলেন। তিনি দাবি করেন, শহীদ হাদির স্বপ্ন পূরণের লক্ষ্যে তার বোন অধ্যাপক (প্রভাষক) মাসুমা আক্তারকে ঢাকা-০৮ আসনে গণতান্ত্রিক ধারা ও ইনসাফ প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ জনতার পক্ষে ইনকিলাব মঞ্চের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে জাতীয় সংসদে বিজয়ী করে আনার উদ্যোগ নেওয়া হোক।