বগুড়া অফিস
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:২০ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৪১ পিএম
বগুড়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল টিএমএসএস হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্ট্রাল। যার মাধ্যমে রাজধানী ঢাকার পর দেশের দ্বিতীয় এবং উত্তরবঙ্গের সর্ববৃহৎ ক্যানসার কেয়ার ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করল প্রতিষ্ঠানটি।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে শহরের পাঁচ তারকা হোটেল মম ইন কনভেনশন সেন্টারে প্রধান অতিথি হিসেবে বিশেষায়িত এই চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিএমডিসির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উত্তরবঙ্গে এই প্রথম হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্ট্রাল স্থাপনের এই মহতি অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। ব্লাড ক্যানসারে আক্রান্ত রোগীদের জীবন রক্ষায় টিএমএসএস একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। মানব সেবায় টিএমএসএসের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন টিএমএসএস হেমাটোলজি অ্যান্ড বিএমটি সেন্টারের সমন্বয়ক সহযোগী অধ্যাপক ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেন, বগুড়ায় এমন অত্যাধুনিক একটি ক্যানসার কেয়ার ইউনিট চালু হওয়ায় উত্তরবঙ্গ ও আশপাশের অঞ্চলের রোগীরা এখন সাশ্রয়ী খরচে বিশ্বমানের ক্যানসার ও ট্রান্সপ্লান্ট চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ওয়াদুদুল হক তরফদার এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির।
আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক রোটারিয়ান ডা. মো. মতিউর রহমান।